ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং আটটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া।তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো আত্মসমর্পণকারী চরমপন্থীদের হেফাজতে ছিল।
এসআরবি-১২ এর অধিনায়ক আরও জানান, গত ১ নভেম্বর সিরাজগঞ্জের সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার চরমপন্থী সর্বহারা দলের ৬৫ জন সদস্য আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকেই অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে এসআরবি-১২।
তিনি বলেন, আত্মসমর্পণকারীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ চরমপন্থীদের সশস্ত্র তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট ছিল কি না, সে বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আলোকিত সময়/রেবারা