ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ’৯০-এর স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার নবগ্রামে শহীদ জেহাদের সমাধিতে উপস্থিত হয়ে বিএনপি নেতারা তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কবর জিয়ারত করেন।
এ সময় নেতৃবৃন্দ শহীদ জেহাদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
কবর জিয়ারত কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এমপি।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ গণ-আন্দোলনকে বেগবান করতে ঐতিহাসিক ভূমিকা রেখেছিল। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবিস্মরণীয় অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।
এ সময় ’৯০-এর গণ-আন্দোলনের নেতা হাবিবুর রহমান হাবিব, নাজিমুদ্দিন আলম, মুস্তাফিজুর রহমান বাবুল এমপি, খন্দকার লুৎফর রহমানসহ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু এবং জেলা-উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।