মো. ইলিয়াস সানি, তজুমদ্দিন (ভোলা):
দেশের রাজনীতি ও সমাজব্যবস্থায় সৎ ও যোগ্য মানুষের অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম। ‘এ দেশে সমাজের নিকৃষ্ট লোকেরাই এমপি-মন্ত্রী হয়’ এমন বক্তব্যকে কেন্দ্র করে তাঁর মন্তব্য রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা তুলে ধরে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত মানুষের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ এবং জনপ্রতিনিধি নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা হয়। সমাজব্যবস্থায় সৎ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ বাধাগ্রস্ত হলে যোগ্য নেতৃত্ব গড়ে ওঠা কঠিন হয়ে পড়ে এমন বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।
তজুমদ্দিনকে পৌরসভা করার পরিকল্পনা
তজুমদ্দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মেজর হাফিজ বলেন, তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর করা হবে। পাশাপাশি স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ বাড়াতে মেঘনা নদীর পাড়ে একটি পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। চরমোজাম্মেল সালাউদ্দিন ডাকাত নামে পরিচিত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনকে দিকনির্দেশনা দেন।
বিএনপি ও জামায়াত নেতাদের শুভেচ্ছা
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টু।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারাও তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এর আগে মেজর হাফিজ তজুমদ্দিন উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।