মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জন্য বরাদ্দ করা চাল থেকে প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে, বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের চাল পাওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় জেলেদের অভিযোগ, তালিকায় প্রকৃত জেলেদের নাম না থাকলেও আওয়ামী লীগপন্থী ও অন্যান্য পেশায় নিয়োজিত ব্যক্তিরা চাল পাচ্ছেন। এতে প্রকৃত জেলেদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্যের দাবি, উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে সরবরাহ করা তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, তালিকায় প্রকৃত জেলেদের পরিবর্তে অন্য পেশার মানুষের নাম রয়েছে।
অবরোধের কারণে মাছ ধরতে না পারায় অনেক জেলে পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। সরকারি সহায়তা না পেলে পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে বলে জানান ভুক্তভোগীরা।
এ অবস্থায় চাল বিতরণের তালিকা যাচাই, অনিয়মের তদন্ত এবং প্রকৃত জেলেদের মাঝে বরাদ্দের চাল নিশ্চিত করতে উপজেলা মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জেলেরা।