এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের ডেগিরচালা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে ফকির মার্কেট এলাকায় অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাততলা ভবনটির তৃতীয় তলায় প্রথমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশন থেকে তিনটি, কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকে একটি, গাজীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
গাজীপুরের ভোগড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ হিরন মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।