বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তারা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, অভিযানে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগানসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৩৩টি পিস্তল ম্যাগাজিন এবং বিভিন্ন ধরনের ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার করা কার্তুজের মধ্যে রয়েছে ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজ।
এ ছাড়া একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন এবং আলামত রাখার ১০টি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৮-এর প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা নজরদারির বরাত দিয়ে জানানো হয়, আলোচিত জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তার কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ গৌরনদীতে তার মালিকানাধীন 'শাহী ৯৯ পার্কে' সরিয়ে নেওয়া হয়। পরে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ ও কেনাবেচার ব্যবস্থা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল।
অভিযান চলাকালে বসতবাড়িতে অবস্থানরত তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাদের আটক করে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
উল্লেখ্য, মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানা এবং ঝালকাঠিতে একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে ২০২৬ রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের উৎস, এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮-এর তদন্ত অব্যাহত রয়েছে।