চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রামে শুরু হয়েছে তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের অন্যতম বৃহৎ আয়োজন রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ-২০২৬। চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এ লীগের উদ্বোধনের মধ্য দিয়ে নগরীর ক্রিকেটাঙ্গনে বইছে উৎসবের আমেজ।
৮ অক্টোবর ( বৃহস্পতিবার) সকাল ১১ টায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে লীগের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ও প্রকাশক এবং প্রয়াত রাফির পিতা ওসমান গণি মনসুর,চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি.।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, অনূর্ধ্ব-১৮ পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে এবং জাতীয় পর্যায়ে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত),, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন আহামদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড়, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন বাদশা মিয়া স্মৃতি সংসদ ৫ উইকেটে এস এস ক্রিকেট একাডেমিকে হারিয়ে শুভসূচনা করেছে।