চট্টগ্রাম: পুলিশের অভ্যন্তরীণ ও প্রশাসনিক স্পর্শকাতর তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে সরবরাহের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তাঁকে ডেকে প্রশাসনিক বিষয়ে জানতে চাওয়া হয়। পরে তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন দুটি জব্দ করা হয়।
জব্দ করা ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রশাসনিক কিছু বিষয়ে অভিযোগ এসেছে। বিষয়টি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম জানান, ফোন দুটি ফরেনসিক পরীক্ষার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এবং পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ সদর দপ্তর।
এদিকে, এসপি জাহাঙ্গীর আলমকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও পুলিশ তা নাকচ করেছে। বর্তমানে তিনি তাঁর কর্মস্থলে দায়িত্ব পালন করছেন এবং পুলিশের নজরদারিতে রয়েছেন।