(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ৫টি গাঁজাগাছসহ মো. রাসেল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ।গ্রেপ্তার রাসেল মিয়া উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে এসআই ফারুক আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল।
অভিযানে এএসআই কাজল কুমার সূত্রধর, এএসআই মো. সুমন হোসেন, মো. কামরুল হাসান ও মো. লিটন হোসেন অংশ নেন। এ সময় রাসেল মিয়ার বসতবাড়ির দক্ষিণ ভিটায় সতেজ অবস্থায় লাগানো ৫টি গাঁজাগাছ দেখতে পায় পুলিশ। পরে গাছগুলো মাটি থেকে উপড়ে ডালপালা ও পাতাসহ জব্দ করা হয় এবং রাসেল মিয়াকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।