বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী গ্রামের সকলের শ্রদ্ধাভাজন মুরুব্বী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী আব্দুল হামিদ খলিফা আর নেই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০৫ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে গেছেন।
আব্দুল হামিদ খলিফা দীর্ঘদিন ধরে বকুলতলী গ্রামের একজন অভিভাবকতুল্য ব্যক্তি হিসেবে সবার কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। সমাজসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা ছিল। একই সঙ্গে তিনি ছিলেন একজন ক্রীড়ানুরাগী। তাঁর আন্তরিকতা, স্নেহ, ভালোবাসা ও মানুষের প্রতি অকৃত্রিম মমতা স্থানীয়দের কাছে তাঁকে একজন আপনজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
তাঁর মৃত্যুতে বকুলতলী, চান্দখালী, আঙ্গারপাড়া, খলিশাখালী, সাহেবেরহাওলা গ্রামসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুম আব্দুল হামিদ খলিফার নামাজে জানাজা ৩০ সেপ্টেম্বর, বুধবার সকাল ১০টায় চন্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।