পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে বরিশালে দেশাত্মবোধক সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ই অক্টোবর বরিশাল বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বরিশালের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোররা অংশগ্রহণ করে। দেশাত্মবোধক সংগীত ও চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, দেশপ্রেম ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এসএম সাব্বির নেওয়াজ সাগর, দেলোয়ারা ইনু, সানজিনা হোসাইন মিম, মো. জাকির হোসেন ও লাইব্রেরীয়ান এ কে এম আতাউর রহমান।
উক্ত আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা শিশু কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আয়োজক ও সংশ্লিষ্টরা শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা এবং তাদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।