পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সুস্থ বিনোদনের লক্ষ্যে বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে প্রিন্সিপাল কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
গত ১৫ নভেম্বর বিকেল ৩টায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), রহমতপুর, বরিশাল মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
ইনস্টিটিউটের বিভিন্ন পর্বের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ২৫ নভেম্বর বুধবার।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কিশোর কুমার মজুমদার, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, রহমতপুর, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক রাকিবুল ইসলাম ও প্রশিক্ষক সঞ্জীব মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক মনতোষ সিকদার।
টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় তৃতীয় পর্ব ও ষষ্ঠ পর্বের শিক্ষার্থীরা। শুরু থেকেই দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ষষ্ঠ পর্বকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তৃতীয় পর্ব।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল, ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, দলগত মনোভাব এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোকিত সময়/রেবারা