নগরবাসীর সেবা সম্প্রসারণে আট থানার পরিকল্পনা পারভেজ মাহমুদ,
বরিশাল প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন, আনন্দ র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠার দুই দশকে নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশি সেবার পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। উদ্বোধন শেষে একটি আনন্দ র্যালি বের করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, এসআরবি-৮-এর অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম, উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান ও সুশান্ত সরকার উপস্থিত ছিলেন।
এ ছাড়া বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সহ-সম্পাদক মোফাজ্জেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
নগরায়ণের সঙ্গে বাড়ছে আইনশৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নগরায়ণ ও যানবাহনের সংখ্যা বাড়ছে। ফলে যানজটের পাশাপাশি অপরাধপ্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।
তিনি বলেন, বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ চারটি থানার মাধ্যমে নগরবাসীকে সেবা দিচ্ছে। ভবিষ্যতে থানার সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পুলিশ যাতে যথাযথভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে পারে, সে জন্য তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
আট থানায় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বর্তমানে চারটি থানার মাধ্যমে পুলিশি সেবা দেওয়া হলেও ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, ভবিষ্যতে আরও চারটি থানা যুক্ত করে মোট আটটি থানার মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নগরবাসীর কাছে পুলিশি সেবা আরও বিস্তৃত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুই দশকে বিএমপি উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ অক্টোবর বরিশাল মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে আসছে। বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রায় ১ হাজার ৮০০ সদস্য কর্মরত রয়েছেন।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও পুলিশি সেবার পরিধি সম্প্রসারণের প্রত্যাশা নিয়ে বিএমপির ২০ বছরের পথচলাকে স্মরণ করা হয়।
