নিজস্ব প্রতিবেদক:
ক্রীড়া ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬। এবারের আয়োজনে নতুন করে যুক্ত হচ্ছে দুটি ইভেন্ট—মিনি ম্যারাথন ও অকশন ব্রিজ। ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্রীড়া উৎসব।
রোববার (২২ নভেম্বর) দুপুরে গুলশান ক্লাব লিমিটেডের ক্রিস্টাল প্যালেসে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, ২০১৯ সালে যাত্রা শুরু করা গুলশান ক্লাব অলিম্পিয়াড এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের সামাজিক ক্লাবগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা, সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশ গড়ে তোলা এবং আরও বেশি মানুষকে খেলাধুলায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
২০১৯ সালে ৯টি ক্লাব, ৩৩৭ জন অংশগ্রহণকারী ও ৯টি ইভেন্ট নিয়ে শুরু হয়েছিল এ আয়োজন। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২২টি ক্লাব, ১ হাজার ২২২ জন অংশগ্রহণকারী, ১৭টি ইভেন্ট ও ৩৪টি ক্যাটাগরিতে। এবারের অলিম্পিয়াডে সারা বাংলাদেশ থেকে ২৫টি ক্লাবের প্রায় ১ হাজার ২৫০ জন প্রতিযোগী অংশ নেবেন।
এবারের অলিম্পিয়াডে মোট ১৯টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো—আর্ম রেসলিং, অকশন ব্রিজ, ব্যাডমিন্টন, বাস্কেটবল (মহিলা), বিলিয়ার্ডস, ক্রিকেট (টি-টেন), দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, মিনি ম্যারাথন, প্যাডেল, পুল, পাওয়ার লিফটিং, কুইজ, স্কোয়াশ, ক্যারম, সাঁতার (পুরুষ), টেনিস ও টেবিল টেনিস।
আয়োজকদের প্রত্যাশা, নতুন দুটি ইভেন্ট যুক্ত হওয়ায় এবারের প্রতিযোগিতায় সদস্যদের অংশগ্রহণ আরও বাড়বে। পাশাপাশি খেলাধুলা ও বন্ধুত্বের এক আনন্দমুখর পরিবেশ তৈরি হবে।
সংবাদ সম্মেলনে গুলশান ক্লাব ও আয়োজক কমিটির সভাপতি এম এ কাদের (অনু) বলেন, ‘এই প্রতিযোগিতাকে এগিয়ে নিতে পেরে আমরা গর্বিত। এবার আমরা আরও বড় পরিসরে অলিম্পিয়াড আয়োজন করছি। সামাজিক ক্লাবগুলোকে একটি সুতোয় গাঁথাই এই ক্রীড়া আয়োজনের মূল লক্ষ্য। আমাদের বিশেষ মনোযোগ থাকবে তরুণ প্রজন্মের দিকে, যেন তারা খেলাধুলায় অনুপ্রাণিত হয় এবং সক্রিয় থাকে। যারা এই আয়োজন গড়ে তুলতে পাশে থেকেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। আমার দৃঢ় বিশ্বাস, এটি হবে আমাদের এ পর্যন্ত সবচেয়ে বড় আসর।’
আয়োজক কমিটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আমরা চাই এবারের অলিম্পিয়াড হোক আরও উৎসবমুখর, আরও জমকালো এবং আরও বড় পরিসরের, যেখানে অংশগ্রহণকারীর সংখ্যাও থাকবে অনেক বেশি।’
তিনি আরও জানান, এবারের আসরের অন্যতম আকর্ষণ হবে ক্রিকেট, ফুটবল, প্যাডেল, বাস্কেটবল ও মিনি ম্যারাথন। পাশাপাশি কুর্মিটোলা গলফ ক্লাবে গলফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা ও ক্রীড়া অভিজ্ঞতা নিশ্চিত করার কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, বিশিষ্ট অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তানভীর ইসলাম, সাদ রহিম চৌধুরী ও আনাফ আজিজ; নির্বাহী সদস্য মেহেরান হোসেন চৌধুরী, মেহেদী মালেক সাজিব ও সাবিক রহমান। এ ছাড়া সমন্বয়কারী মেহজাব কায়াল খান, রেজাউল হক (রাজু), শাহরান হোসেন ও ফারিহা চৌধুরী উপস্থিত ছিলেন।
এবারও গুলশান ক্লাব অলিম্পিয়াডের ডায়মন্ড পার্টনার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্লাটিনাম পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। গোল্ড পার্টনার হিসেবে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি ও আইডিএলসি ফাইন্যান্স পিএলসি।
সিলভার পার্টনার হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও জিপিজি (ডিজিএইচ)। অ্যাপারেল পার্টনার তুরাগ অ্যাকটিভ, হেলথ পার্টনার ইভারকেয়ার হাসপাতাল, ওয়েলনেস পার্টনার মাউন্ট এলিজাবেথ, স্ন্যাকস পার্টনার এমজিআই, বেভারেজ পার্টনার ফ্রেশ, আইসক্রিম পার্টনার পোলার, হাইড্রেশন পার্টনার এসএমসি ইলেকট্রোলাইট ড্রিংক এবং এইচটুও পার্টনার মম (MUM)।
ব্রডকাস্ট পার্টনার টি স্পোর্টস। প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক যুগান্তর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি অবজারভার, দৈনিক ইত্তেফাক, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সান। ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, এটিএন বাংলা, চ্যানেল আই ও বৈশাখী টিভি।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারী ক্লাব, সদস্য, ক্রীড়াবিদ, কর্মকর্তা ও সমর্থকদের সহযোগিতায় এবারের অলিম্পিয়াডকে আরও স্মরণীয় করে তুলতে তাঁরা আশাবাদী।