
গত ২৪ নভেম্বর আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
বৈঠকে জাতিসংঘের চলমান কার্যক্রম ও বিভিন্ন এজেন্ডা, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে বহুপাক্ষিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
দুই দেশের জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন শেখ আবদুল্লাহ বিন জায়েদ। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং উন্নয়নমূলক সহযোগিতা সম্প্রসারণে আমিরাতের আগ্রহের বিষয়টি তুলে ধরেন তিনি।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
এ সময় সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি এবং প্রতিমন্ত্রী সাঈদ মুবারক আল হাজেরি উপস্থিত ছিলেন।
আলোকিত সময়/রেবারা