
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকারদের অন্যতম বৃহৎ সংগঠন ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং মেডিএইডার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যাংকার কাজী এমডি শফিকুর রহমান এবং মেডিএইডার লিমিটেডের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিএইডার লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ এমডি জাকির হোসাইনসহ সংগঠনটির সদস্য ও জ্যেষ্ঠ ব্যাংকাররা।
এ চুক্তির ফলে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যরা মেডিএইডার লিমিটেডের সহযোগিতায় ২০টি বিদেশি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকারদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ হবে। পাশাপাশি দেশের ব্যাংকারদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।