কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুফিক মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ৪ অক্টোবর ২০২৬, রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এএসআই তোফায়েল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।
অভিযানটি চালানো হয় উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকেরগ্রাম এলাকার ছালিক মিয়া (রহ.) হাফিজিয়া মাদ্রাসার গেটের সামনে পাকা সড়কে।
এ সময় সন্দেহভাজন মো. মুফিক মিয়া (২৫)-কে তল্লাশি করে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
আটক মুফিক মিয়া চকেরগ্রাম এলাকার মৃত জমির মিয়ার ছেলে এবং তার মায়ের নাম আফিয়া বেগম বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুলাউড়া থানা পুলিশ।