আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়নের মধুপুর শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই শ্রমিক ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্বাচনী এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এ নির্বাচনে সংগঠনের মোট ১ হাজার ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ জন প্রার্থী। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা বেশ কয়েক দিন ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। ভোটারদের সঙ্গে মতবিনিময়, সৌজন্য সাক্ষাৎ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে।
নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও নির্বাচন কমিশনার এম রতন হায়দার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না এবং নির্বাচন কমিশনার সুবল চন্দ্র সাহা। এ ছাড়া সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও শ্রমিক সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন উজ্জ্বল বৈরাগী। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন আব্দুল আউয়াল। পোলিং অফিসারের দায়িত্ব পালন করছেন আরিফুল ইসলাম সুমন, শরিফুল ইসলাম ও আব্দুর রাজ্জাকসহ অন্যরা। ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। তাকে সহযোগিতা করছেন উপপরিদর্শক আমিনুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্য।
শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ভোট গণনা শেষে শনিবার রাতে অথবা পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচনকে ঘিরে ট্রাক ও কাভার্ডভ্যান চালক শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সাধারণ শ্রমিক সদস্যদের।
আলোকিত সময়/রেবারা