ডেক্স রিপোর্ট:
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ও শ্রমিক অসন্তোষ মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান বিক্ষোভ, বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতা এবং পরিস্থিতি স্বাভাবিক করার উপায়।
এর আগে রোববার সকালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয় সরকার। বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং স্বাধীন সদস্যদের সঙ্গে আলোচনা করে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে নিজের সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তবে জরুরি বৈঠক শেষে নতুন মজুরি নির্ধারণ কিংবা আন্দোলন পরিস্থিতি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।