এম এ বাছির রাজা মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে পৌরসভার মেয়র প্রার্থী ও বিএনপির তরুণ দলের উপজেলা আহ্বায়ক বাদল পাঠানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে মাধবপুর ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
আহত বাদল পাঠান পূর্ব মাধবপুর এলাকার গনি মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাদল পাঠান গত কয়েক দিন ধরে মাধবপুর পৌরসভার বিভিন্ন ভাঙাচোরা রাস্তা ইট ফেলে মেরামতের কাজ করছিলেন। শুক্রবার বিকেলেও তিনি ট্রাক্টরের মাধ্যমে ইট ও সুরকি দিয়ে ফায়ার সার্ভিস এলাকার একটি রাস্তা মেরামত করছিলেন। এ সময় পূর্ব মাধবপুর এলাকার ৫-৬ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাদল পাঠানের দুপা, হাত ও মুখমণ্ডলে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে তাঁর স্বজনেরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পঙ্কজ বিশ্বাস জানান, বাদল পাঠানের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেছে। বর্তমানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে পরিস্থিতির আর কোনো অবনতি না ঘটে এবং নতুন করে কোনো সংঘর্ষের সৃষ্টি না হয়। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।