ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে এলাকা জুড়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খাদিজা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।
আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানো জরুরি। বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার প্রতিষ্ঠা করা সমাজের দায়িত্ব। অল্প বয়সে বিয়ে একটি শিশুর শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উপযুক্ত পরিবেশ ও সমান সুযোগ পেলে কন্যাশিশুরা নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।