অনলাইন প্রতিবেদক :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।
এর আগে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে তাঁর ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল।
পুলিশ সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি তাঁকে তলব করেন। পরে বিষয়টি তদন্তে বিভাগীয় তদন্ত কমিটিও গঠন করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করবে পুলিশের বিশেষ ইউনিট।