স্টাফ রিপোর্টার, গুলশান ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে এই মিথ্যা প্রচারণা বন্ধের দাবি তোলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন, যাতে লেখা ছিল— "অপপ্রচারের বিরুদ্ধে রুখতে হবে একসাথে", "মিথ্যা অপপ্রচার বন্ধ করো, সত্যের পক্ষে আওয়াজ তোলো" এবং "ফাহিম ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার মানি না মানব না"।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। আওয়ামী লীগের দোসরদের ইন্ধনে এই ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন। অনতিবিলম্বে এই মিথ্যা প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র বন্ধ না হলে আগামীতে আরও কঠোর রাজনৈতিক কর্মসূচি দেওয়া হবে বলে নেতা-কর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মিছিলে ১৯ নং ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন।