রাজশাহী প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক দল এবং পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ অক্টোবর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় আরও অংশ নেন মহানগরীর বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
মতবিনিময় সভায় দুর্গাপূজা চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবং আয়োজকদের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।