নিজস্ব প্রতিবেদক:
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণ ও পাসপোর্ট-সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া প্রত্যর্পণ করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি কারিগরি ও আইনি বিষয়। বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করা হবে।
তিনি বলেন, মানুষের ভ্রমণের জন্য অবশ্যই ভ্রমণ নথি প্রয়োজন। তবে প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট প্রয়োজন কি না, সেটি একটি কারিগরি প্রশ্ন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন জয়সওয়াল।
তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনই ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবে।
শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল পুনর্ব্যক্ত করেন, বিষয়টি আইনি এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।
এর আগে শেখ হাসিনার আইনজীবীরা বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেন। তবে বাংলাদেশ সরকার তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়।