ঢাকা: ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, প্রতিবছর ২১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সম্মিলিত অবদানের স্মরণে দিবসটি পালন করা হয়ে থাকে।