ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ, জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নুরনবী হোসাইনী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সচিব এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক মো. এনামুল হক।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ করা এবং তাঁদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে ওলামা দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সংকটে সংগঠনটি বিএনপির নেতৃত্বে রাজপথে ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আলেম-ওলামারা নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করবে জাতীয়তাবাদী ওলামা দল।
অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বক্তব্য দেন। এ সময় সিরাজগঞ্জ জেলা ওলামা দলের ১৮টি ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।