ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের মালশাপাড়া কবরস্থান মাদ্রাসা রোডে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমরকৃষ্ণ দাস ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান বাবু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান প্রিন্স মো. আবু সালেহ। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। ২৮ বছর ধরে পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ায় দৈনিক ভোরের চেতনার ভূমিকা প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে ভিপি শামীম খান বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র উঠে আসে। সত্যতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রেখে সাংবাদিকতা করতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক এস এম রেজাউর রহমান ফিরোজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
এ ছাড়া জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য এবং আগামী দিনে আরও সাহসী, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার মো. লিটন হোসেনের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আলোকিত সময়/রেবারা