আলোকিত সময় ডেস্ক নিউজঃ স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নির্বাচন নিয়ে সরকার কোনো ধরনের কলঙ্ক নিতে চায় না।
তিনি বলেন, চলতি অর্থবছরের মধ্যে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত বহাল রয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে, অতিরিক্ত নির্বাচনী তারিখ নির্ধারণের সুযোগ থাকলে তা কাজে লাগিয়ে যেন আগামী জুনের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিমন্ত্রী।
গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রস্তাবনা চেয়েছে সরকার। একই সঙ্গে চলতি অর্থবছরের জুনের মধ্যে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।মীর শাহে আলম জানান, আগামী ৭ নভেম্বর সকাল সাড়ে ১১টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে সারা দেশ থেকে প্রায় ৫০ হাজার গ্রাম পুলিশ সদস্য অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।আয়োজন করা সম্ভব হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই জানাতে পারবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার বিনয়ের সঙ্গে নির্বাচন কমিশনকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, নির্বাচনে সরকার ও প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না। সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার কোনো ধরনের কলঙ্ক নিতে রাজি নয়। নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে সরকার তার অবস্থানে অটল রয়েছে।