এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হবিগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চারবারের চেয়ারম্যান আলহাজ এস.এফ.এ.এম. শাহজাহান।
সোমবার (২ নভেম্বর) হবিগঞ্জে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় তাঁকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
আলহাজ এস.এফ.এ.এম. শাহজাহান দীর্ঘদিন ধরে মাধবপুরের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলনের অংশ হিসেবে দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, স্বাস্থ্যসেবা, রক্তদান এবং অসহায় মানুষের সহায়তায় কাজ করে আসছে। নতুন কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ায় হবিগঞ্জ জেলা ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, তাঁর নির্বাচিত হওয়ার খবরে মাধবপুরসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁকে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং বিপদগ্রস্ত ও অসহায় মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখবে।
আলোকিত সময়/রেবারা