অনলাইন প্রতিবেদক : জন্মদাতা মা-বাবা ও নিজের শেকড়ের সন্ধানে ৪৫ বছর পর বাংলাদেশে এসেছেন নেদারল্যান্ডসের নাগরিক সেলিনা গোমেজ। মাত্র দেড় বছর বয়সে এক ডাচ পরিবার তাঁকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায়। দীর্ঘ সময় পর নিজের আসল পরিবারকে খুঁজে পেতে এবার কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।
১৯৮১ সালে সেলিনাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায় একটি ডাচ পরিবার। সেখানে আদর-যত্নে বড় হয়েছেন তিনি। পড়াশোনা, ক্যারিয়ার ও জীবনযাপনে পুরোপুরি ডাচ নাগরিক হিসেবে গড়ে উঠলেও নিজের জন্মদাতা মা-বাবা ও পরিবারের প্রতি তাঁর মনে ছিল গভীর টান। নিজের আসল মা-বাবা কেমন ছিলেন, তাঁর কোনো ভাই-বোন আছে কি না—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরে তাঁকে তাড়া করে বেড়িয়েছে।
সেলিনার কাছে শৈশবের কোনো স্মৃতি নেই। নিজের অতীত সম্পর্কে তাঁর কাছে রয়েছে শুধু একটি পুরোনো সাদাকালো ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের একটি ফটোকপি। ওই পুরোনো নথিতে তাঁর জন্মদাতা মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডিক্ট গোমেজ লেখা রয়েছে। এই দুটি নামকে সম্বল করেই তিনি শুরু করেন নিজের পরিবারের সন্ধান।
নাড়ির টানে এর আগেও বাংলাদেশে এসেছিলেন সেলিনা। সর্বশেষ গত ২৮ অক্টোবর আবারও বাংলাদেশে আসেন তিনি। এবার কক্সবাজারের স্থানীয় ভ্রমণ-সহকারী ও অনুবাদক রাসেল আলমকে সঙ্গে নিয়ে শুরু করেছেন পরিবারের সন্ধানে জোরালো অভিযান।
চকরিয়ার মালুমঘাট, খুটাখালীসহ বিভিন্ন গ্রামে ঘুরে নিজের ছবি ও তথ্যসংবলিত লিফলেট বিতরণ করছেন সেলিনা। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে জানতে চাইছেন তাঁর জন্মদাতা মা-বাবা ও পরিবারের সদস্যদের সম্পর্কে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও লোকমুখে তাঁর এই অনুসন্ধানের খবর ছড়িয়ে পড়ার পর পাওয়া গেছে একটি সম্ভাব্য সূত্র। চকরিয়ার স্থানীয় বাসিন্দা আবু সৈয়দ নামের এক ব্যক্তি সেলিনার সঙ্গে যোগাযোগ করে দাবি করেছেন, সেলিনা তাঁর হারিয়ে যাওয়া ছোট বোন।
তবে এই দাবির সত্যতা নিশ্চিত করতে বর্তমানে সেলিনা গোমেজ ও আবু সৈয়দের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে তাঁদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে নিশ্চিত হওয়া যাবে, আবু সৈয়দই সেলিনার আপন বড় ভাই কি না।
সেলিনা আরও ১০ থেকে ১৫ দিন কক্সবাজারে অবস্থান করবেন। অধীর আগ্রহে অপেক্ষা করছেন ডিএনএ পরীক্ষার ফলাফলের জন্য। ফলাফল ইতিবাচক হলে দীর্ঘ ৪৫ বছরের অপেক্ষার অবসান ঘটতে পারে। আর ফলাফল নেতিবাচক হলেও নিজের জন্মদাতা মা-বাবা ও পরিবারের সন্ধানে অনুসন্ধান চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এদিকে, হেলেনা গোমেজ বা বেনেডিক্ট গোমেজ পরিবারের কোনো তথ্য কারও জানা থাকলে সেলিনার অনুসন্ধানী দলের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ০১৭১৮-৬০৪৩৪৭ নম্বরে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।