ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। দিবসটি সফলভাবে পালনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নেতারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মজিবর রহমান লেবু। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান।
এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান রানা, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলোকিত সময়/রেবারা