বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা আদায়
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ২৪ এপ্রিল শুক্রবার সকাল থেকে বরিশাল মহানগরীর চৌমাথা মোড়, নথুল্লাবাদ, কাশিপুর বাজার, বাংলা বাজার, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, পুলিশ লাইন, বাজার রোড, গীর্জা মহল্লা, চকবাজার, বাজার রোড, জেলা খানার মোড়, কাঠপট্টি এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৩ টি প্রতিষ্ঠান কে মোট ৬৫ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়।

নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ জিয়াউর রহমান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তেগীর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাক্স পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসন এর পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়। এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

এ সময়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। অভিযান পরিচালনাকালে নগরীর বাজার রোড এলাকায় প্রতিটি দোকানে দোকানে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সামাজিক দূরত্ব মেনে কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়ার পাশাপাশি বাজার মনিটরিং করা হয়। পবিত্র রমজানকে সামনে রেখে ২৩০-২৪০ টাকা কেনা মূল্যের আদা ৪০০-৪৫০ টাকা দামে বিক্রির অভিযোগে একটি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৩ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় একই এলাকার প্রিয়াংকা বস্ত্রালয়কে একাধিকবার জরিমানা ও সতর্ক করা স্বত্তেও বার বার দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

এছাড়া এ সময় বন্ধ রাখার নির্দেশনা স্বত্তেও খোলা রেখে কার্যক্রম পরিচালনা করে করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকি বৃদ্ধি করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় নগরীর গির্জা মহল্লা ও কাঠপট্টি এলাকায় ভিভো মোবাইল আউটলেটসহ আরো কয়েকটি দোকানকে বিভিন্ন অংকের জরিমানা করা হয় মোট ২৫০০০ টাকার অর্থদণ্ড দেওয়া হয়। আইন-শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অপরদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তেগীর এর নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় নগরীর বিভিন্ন স্থানে প্রচার প্রচারণাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ঘরে অবস্থা করার অনুরোধ করেন।

এ সময় সাগরদী মোল্লা মার্কেটসহ কয়েকটি এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ (১) ধারা মোতাবেক ৮ টি কাপড় ও প্রসাধনীর দোকান কে বিভিন্ন পরিমানের মোট ৩৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়াও নামাজে যেন নির্ধারিত সংখ্যার অতিরিক্ত মুসল্লি না হয়, সে ব্যাপারে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সচেতন করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র‍্যাব ৮ এবং মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest