মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ব্যবসায়ী ইব্রাহিম প্যাদা (৫০) নামের করোনা রোগীর বরিশাল শেরেবাংলা হাসপাতাল হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো রিপোর্টও পজিটিভ আসছে। বৃহস্পতিবার রাতে কলাপাড়া হাসপাতাল কর্তৃপক্ষের হাতে রিপোর্টের ফলাফল আসছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এরআগে কলাপাড়া হাসপাতাল কর্তৃপক্ষ গত ১১ মে ইব্রাহীম প্যাদার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠালে ১৩ মে বুধবার রাতে তার পজিটিভ রিপোর্ট আসে। এ রিপোর্ট নিয়ে রোগীর পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে সন্দেহ দেখা দেয়। তাদের মতে, রোগীর অবস্থা দেখে তার করোনা হয়েছে বলে আমরা বিশ্বাস করিনা। আমরা পুনঃরায় বরিশাল হাসপাতালে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। সে রিপোর্টে পজিটিভ আসলে বিষয়টি পরিষ্কার হতে পারবো। বৃহস্পতিবার দুপুরে করোনা আক্রান্ত রোগী ইব্রাহিম প্যাদার ছেলে মুছা প্যাদা ফেইজবুক সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তার বাবার করোনা হয়নি বলে জোরালো দাবী জানান। তার বাবা দিব্যি সুস্থ ও করোনামুক্ত বলে জানান তিনি। কোন একটি পক্ষ তার বাবাকে নিয়ে মিথ্যা গুজব রটাচ্ছে বলেও তিনি দাবী করেন। এতে উপজেলাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা সঠিক তথ্য জানার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও সংবাদকর্মীদের কাছে খোজ-খবর নেন। যদিও কলাপাড়া হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন এ বিষয়ে পূর্বেই তাদের অবস্থান পরিষ্কার করেন ও উপজেলাকে ১৪ দিনের জন্য কলডাউন ঘোষণা করেন। এখন বরিশাল হাসপাতাল হতে পাঠানো নমুনা রিপোর্টে করোনা পজিটিভ আসায় এবিষয়ে আর কোন সন্দেহের অবকাশ থাকল না। কলাপাড়া হাসপাতাল সূত্র মতে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ইব্রাহিম প্যাদার বিষয়ে আমরা আগেও সঠিক রিপোর্ট দিয়েছিলাম। কিন্তু রোগীর পরিবার বিষয়টি মানতে ও বিশ্বাস করতে নারাজ ছিল। তারা বরিশাল হাসপাতাল দিয়ে পুনঃরায় নমুনা পরীক্ষা করান। সে রিপোর্টেও তার করোনা পজিটিভ আসছে। এখন উপজেলাবাসীর আরো সতর্ক হওয়া প্রয়োজন বলে সূত্রটি মনে করেন। উল্লেখ্য, কলাপাড়া পৌরসভার নাচনাপাড়া গ্রামের লোকমান প্যাদার পুত্র ইব্রাহিম প্যাদা শ্বাস কষ্টের সমস্যা নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়। করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে তার রিপোর্ট পজিটিভ আসে। তখন হতে কলাপাড়া উপজেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে।