রবিউল ইসলাম রংপুর প্রতিনিধি।
শনিবার রংপুরের গঙ্গাচড়ায় উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহতরা হলেন- হাফিজুল ইসলাম (৩০), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) এবং তাদের দেড় বছরের মেয়ে হুমায়রা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফাতেমা ও তার মেয়ের গলাকাটা অবস্থায় বিছানায় মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশেই হাফিজুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। তার মরদেহ মাটিতে নামিয়ে রাখা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।শুক্রবার রাতের কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে হয়তোবা স্বামী তার স্ত্রী ও শিশু সন্তানকে গলাকেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, মরদেহগুলো সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটা আত্মহত্যা না হত্যা এটা খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা বের করা হবে একটু সময় লাগবে।