ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে গোপন বৈঠককালে মোল্লারহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্কাস সর্দারকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার ১৩ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জানা গেছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানাসহ ১৩ জনকে ২ জুলাই বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় গোপন বৈঠক করার সময় গ্রেপ্তার করা হয়।
গত ১০ জুন রাতে প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস সরদারকে একা পেয়ে মোল্লারহাট বাজারে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং তাঁর সহযোগিরা। স্থানীয়রা প্যানেল চেয়ারম্যানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করান । হত্যা চেষ্টার ঘটনায় মোল্লারহাট ইউপি মেম্বর মিজানুর রহমান বাদী হয়ে ১৭ জনকে আসামী করে ১৩ জুন নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সোহেল রানাসহ মামলার অন্যান্য আসামিরা পলাতকছিলেন। ২ জুলাই বৃহস্পতিবার সকালে আসামিরা মোল্লারহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে ওই মামলার প্রধান আসামি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল রানা, ইউনিয়ন যুবলীগ নেতা সেলিম হাওলাদারসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে হাজির করলে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্যানেল চেয়ারম্যান’র ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূল শাস্তির দাবিতে গত ১৬ জুন মোল্লারহাট বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। সে সময় সোহেল রানাকে বহিস্কারের দাবি জানান স্থানীয়রা।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোল্লারহাট পুলিশ তদন্তকেন্দ্রের উপ পরিদর্শক নূরে আলম জানান, সকাল সোয়া ৫টার দিকে সোহেল রানার নেতৃত্বে আসামিরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। বৈঠক থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন পিপি এম বলেন, মামলার মূল আসামিসহ ১৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST