শার্শা (যশোর) থেকে মোঃ শাহিন হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার উলাসীতে পিতার নামে ‘জিয়া খাল’ পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান।

 

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রতীকীভাবে মাটি কেটে খাল পুনঃখনন কার্যক্রমের সূচনা করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য রাস্তার দুই পাশে লাখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

উদ্বোধনী বক্তব্যে তারেক রহমান বলেন, এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে এই খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সরকার ও দল একযোগে কাজ করে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা খাল পুনঃখনন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই খাল পুনরুদ্ধার হলে কৃষি ও পরিবেশ উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।

 

উল্লেখ্য, ‘জিয়া খাল’ পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শার্শা উপজেলার জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।