
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন। এ ঘটনার পর আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে তাঁর প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পিওএইচএস-১ হাউজিংয়ে পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত একটি আড়াইতলা ভবনে সোমবার (১৯ অক্টোবর) রাত থেকে অভিযান শুরু করে ডিবি। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চলে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভবনটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাসা। তিনি এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন ও ডিজে পার্টি পরিচালনার অভিযোগ রয়েছে।
অভিযানকালে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা। আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
























