
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং দরিদ্র ও মেধাবী মেয়েদের লেখাপড়ায় উৎসাহিত করতে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় মধুপুর সদর উপজেলার সিডিপি প্রকল্প কার্যালয়ে এ সহায়তা বিতরণ করা হয়। বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) পরিচালিত সিডিপি প্রকল্পের উদ্যোগে এবং জার্মান দাতা সংস্থা লিচ ব্রুকের অর্থায়নে প্রকল্পের আওতায় গঠিত নারী ও কৃষক অ্যাসোসিয়েশনের দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মধ্যে এসব সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে ৫৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি স্কুলব্যাগ, একটি জ্যামিতি বক্স, পাঁচটি অঙ্কের খাতা, ছয়টি কলম এবং নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।
শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপি প্রকল্প, বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর প্রকল্প সমন্বয়কারী মো. মিলন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহমাদ, এমএফপির রিজিওনাল ম্যানেজার মো. শরিফুল ইসলাম, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আঃ হামিদ, বিজিএস মধুপুরের ব্রাঞ্চ ম্যানেজার মো. ফিরোজ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ছাড়া অনুষ্ঠানে বিজিএসের সহকারী হিসাবরক্ষক শেখর মিত্র বড়ুয়া, পিও (কৃষি) মো. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার (ইন্সটিটিউশন বিল্ডিং) মো. সুরুজ মিয়া, এসডব্লিউ মো. নুর আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের লেখাপড়া অব্যাহত রাখা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার প্রবণতা কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।





















