
৭ দলের ফাইনালে একমাত্র দক্ষিণ এশীয় ও বাংলাদেশি সংগঠন আন্তর্জাতিক অঙ্গনে তরুণ নিউক্লিয়ার বিজ্ঞানীদের নতুন সম্ভাবনার বার্তা
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ এখন পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশের দ্বারপ্রান্তে। এই সময়ে পারমাণবিক প্রযুক্তিতে দেশীয় সক্ষমতা অর্জন এবং এ খাতে তরুণদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই সম্ভাবনাকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেস (BYNC)। প্রথমবারের অংশগ্রহণেই International Youth Nuclear Congress (IYNC) 2026-এর Innovation for Nuclear (I4N) প্রতিযোগিতার আন্তর্জাতিক ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের এই তরুণদের সংগঠন।
আগামী ৪-৯ অক্টোবর ফ্রান্সের ঐতিহাসিক Palais des Papes-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে IYNC2026-এর ৩০তম আসর। এবারের সম্মেলনের প্রতিপাদ্য “The Chain of Change”। বিশ্বের শতাধিক দেশের তরুণ নিউক্লিয়ার পেশাজীবী ও শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে Team BYNC।
এটি BYNC-এর প্রথম I4N প্রতিযোগিতায় অংশগ্রহণ। আর প্রথম অংশগ্রহণেই আন্তর্জাতিক ফাইনালে জায়গা করে নেওয়াকে বাংলাদেশের তরুণ নিউক্লিয়ার পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে
I4N 2026-এর ফাইনালে মোট সাতটি দল প্রতিযোগিতা করছে। এর মধ্যে পাঁচটি দল বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠান এবং পাঁচটি মহাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে। ফাইনালে থাকা সাত দলের মধ্যে Nuclear Innovation Bootcamp (NIB) এবং European Nuclear Society–Young Generation Network (ENS YGN) থেকে দুটি করে দল রয়েছে। এছাড়া Japan Nuclear Young Generation (Japan YG) ও African Young Generation in Nuclear (AYGN)-এর মতো প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকেও দল রয়েছে।
এই তালিকায় দক্ষিণ এশিয়ার একমাত্র এবং বাংলাদেশ থেকে একমাত্র সংগঠন হিসেবে BYNC জায়গা করে নিয়েছে।
ইউরোপ ও জাপানের মতো প্রতিষ্ঠিত নিউক্লিয়ার শিল্পের পাশাপাশি দীর্ঘদিন ধরে গড়ে ওঠা আন্তর্জাতিক ইয়ুথ নেটওয়ার্কগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের মতো তুলনামূলকভাবে তরুণ একটি নিউক্লিয়ার কর্মসূচির ফাইনালে পৌঁছানো দেশটির তরুণদের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বের পারমাণবিক শক্তিখাত বর্তমানে প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি দক্ষ মানবসম্পদ ও তরুণ নেতৃত্বের ওপরও গুরুত্ব দিচ্ছে। সেই প্রেক্ষাপটে Team BYNC-এর আন্তর্জাতিক ফাইনালে পৌঁছানো বাংলাদেশের তরুণ নিউক্লিয়ার বিজ্ঞানী, প্রকৌশলী ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের নতুন সুযোগ তৈরি করেছে।
BYNC-এর এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের তরুণদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি আন্তর্জাতিক মানের সাংগঠনিক সক্ষমতাও বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে দেশের নিউক্লিয়ার খাতে ভবিষ্যতে আরও তরুণ প্রতিভাকে যুক্ত করার সম্ভাবনাও তৈরি হয়েছে।
তিন তরুণের উদ্যোগে শুরু, আজ আন্তর্জাতিক ফাইনালে Team BYNC-এর এই অর্জনের ভিত্তি তৈরি হয়েছিল দেশের ভেতরেই। বাংলাদেশের তরুণদের নিউক্লিয়ার বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং আন্তর্জাতিক পরিসরে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গড়ে ওঠে Bangladesh Youth Nuclear Congress (BYNC)।
সংগঠনটির প্রতিষ্ঠাতা নেতৃত্বে রয়েছেন মাহমুদুল হাসান সামি (সভাপতি), সাদিয়া নওশীন প্রমি (সহ-সভাপতি) এবং নাজিয়া তাসনিম (সাধারণ সম্পাদক)। সংগঠনের শুরুর দিনগুলোতে কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই নিজেদের আগ্রহ, বিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা কাজ শুরু করেন।
দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা ও সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে BYNC একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়। সেই ধারাবাহিকতার ফল হিসেবেই আজ আন্তর্জাতিক IYNC2026-এর ফাইনালে Team BYNC-এর উপস্থিতি।
দেশজুড়ে কর্মশালা-সেমিনার, আন্তর্জাতিক অঙ্গনে যাত্রায় প্রতিষ্ঠার পর থেকে BYNC দেশজুড়ে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো গত ৮ আগস্ট AIUB-এ অনুষ্ঠিত I4N × InnoVenture প্রতিযোগিতা। এতে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৭০টি দল নিউক্লিয়ারভিত্তিক উদ্ভাবনী সমাধান নিয়ে প্রতিযোগিতা করে।
এই আয়োজনে ভেন্যু ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেয় American International University-Bangladesh (AIUB)। তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে অনুষ্ঠানের পাশে ছিল Russian House। আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন AIUB-এর প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুর রহমান এবং Russian House-এর পরিচালক আলেকজান্ডার খেলভনিয়াক।
প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় পরমাণুবিজ্ঞানী, শিল্প বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের তরুণদের তুলে ধরতে এসব উদ্যোগ BYNC-এর কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।
BYNC-এর একজন প্রতিষ্ঠাতা নেতৃত্বের ভাষায়, প্রথমবার অংশ নিয়েই সরাসরি ফাইনালে পৌঁছানো প্রমাণ করে—বিশ্বের প্রতিষ্ঠিত নিউক্লিয়ার শক্তিগুলোর পাশে দাঁড়িয়ে বাংলাদেশের তরুণরাও প্রযুক্তি ও সংগঠন—দুই ক্ষেত্রেই সমান সক্ষম।
নতুন নেতৃত্বে BYNC-এর পথচলায় বর্তমানে দিকনির্দেশনা দিচ্ছেন দেশের পারমাণবিক ও নিউক্লিয়ার প্রকৌশল খাতের অভিজ্ঞ ব্যক্তিরা। সংগঠনটির সঙ্গে রয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. আলী জুলকারনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং এমআইএসটির নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলতাব হোসেন।
এছাড়া প্রতিষ্ঠাতা তিন নেতৃত্বের পাশাপাশি সংগঠনের কার্যক্রমে নেতৃত্বের ভূমিকা পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক ও শিক্ষার্থী জারিন তাহসিন আখু, এমআইএসটির প্রভাষক ফাহিম সাবাব সিদ্দিকী এবং সংগঠনের ডিজিটালাইজেশনের দায়িত্বে রয়েছেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তামিম মোহাম্মদ রায়েদ।
ফ্রান্সের আন্তর্জাতিক মঞ্চে BYNC-এর কর্মসূচি আগামী ৭ অক্টোবর I4N প্রতিযোগিতার আন্তর্জাতিক ফাইনালে অংশ নেবে Team BYNC। একই সঙ্গে IYNC2026 সম্মেলনেও BYNC নিজেদের একটি কর্মশালা আয়োজন করবে।
Engineering The Extreme: Advanced Materials for Fusion and Fission Energy Systems শীর্ষক এই কর্মশালায় ফিউশন ও ফিশন প্রযুক্তিতে উন্নত উপকরণের ভূমিকা নিয়ে আলোচনা হবে। এতে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিনিধির অংশগ্রহণের কথা রয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক জ্ঞান বিনিময় এবং বাংলাদেশের নিউক্লিয়ার খাতের তরুণদের জন্য নতুন নেটওয়ার্ক তৈরির সুযোগ সৃষ্টি হবে।
জাতীয় পর্যায়ের কর্মশালা ও প্রতিযোগিতা থেকে শুরু করে ফ্রান্সের আন্তর্জাতিক মঞ্চে সাত ফাইনালিস্ট দলের একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে Team BYNC-এর এই যাত্রা দেশের নিউক্লিয়ার খাতে একটি নতুন প্রজন্মের সক্ষমতা ও নেতৃত্বের প্রতিফলন। আন্তর্জাতিক অঙ্গনে এই অংশগ্রহণ বাংলাদেশের তরুণদের সামনে আরও বড় পরিসরে নিজেদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব তুলে ধরার সুযোগ তৈরি করেছে।












