
মোঃ আবদুল্লাহ আল মামুন, দুবাই প্রতিনিধিঃ
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ২৩টি যানবাহনের সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে একই ভারতীয় পরিবারের তিন সদস্য রয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ২১ বছর বয়সী যমজ ভাই-বোন মোহাম্মদ আসমি সিদ্দিক ও মিসনা জুবিন সিদ্দিক এবং তাদের তিন বছর বয়সী ভাগ্নে মোহাম্মদ ফয়েজ।
বুধবার (১১ নভেম্বর) রাতে শারজাহ থেকে ফুজাইরাহ যাওয়ার পথে ফুজাইরাহ কোর্ট হাউসের কাছে শেখ খলিফা বিন জায়েদ রোডে একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়।
নিহত যমজ ভাই-বোন সিদ্দিক থুপ্পিলিক্কাটের সন্তান। তাদের বাবা কেরালার বাসিন্দা এবং ফুজাইরাহতে একটি ক্যাফেটেরিয়া পরিচালনা করেন। দুর্ঘটনায় নিহত তিন বছর বয়সী ফয়েজ তাদের বড় বোনের ছেলে।
এ ঘটনায় পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন। তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে স্বজন ও প্রবাসী ভারতীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
আলোকিত সময়/রেবারা

























