
এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক। লিবিয়া থেকে প্লাস্টিকের একটি ঝুঁকিপূর্ণ নৌকায় গ্রিস যাওয়ার পথে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করলে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ যুবকদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারগুলোতে চলছে শোক ও উৎকণ্ঠা।
এদিকে একই নৌকায় থাকা ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মাসুম মিয়ার বর্ণনায় উঠে এসেছে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা। তার দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটিতে থাকা যাত্রীরা একপর্যায়ে উত্তাল সাগরে পড়ে যান। এরপর দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অচেতন অবস্থায় সাগরের তীরে ভেসে ওঠেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার প্রলোভনে পড়ে উন্নত জীবনের আশায় লিবিয়ায় পাড়ি জমান এলাকার কয়েকজন যুবক। দালালের মাধ্যমে জনপ্রতি ১২ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে গ্রিসে পাঠানোর চুক্তি হয় তাদের।
গত ৩১ অক্টোবর লিবিয়ার উপকূল থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে একটি প্লাস্টিকের নৌকা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উদ্দেশে রওনা হয়। ওই দলে হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার সাত যুবক ছিলেন। তারা হলেন—মাসুম মিয়া, পাবেল মিয়া, আতাউর মিয়া, আলমগীর মিয়া, নাঈম মিয়া, সাগর মিয়া ও আবুল মিয়া।
বেঁচে ফেরা পুরাইকলা গ্রামের মাসুম মিয়া গ্রিসে পৌঁছে পরিবারের কাছে দুর্ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, সাগরের মাঝপথে হঠাৎ নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। এতে মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নৌকায় থাকা যাত্রীরা উত্তাল সাগরের পানিতে পড়ে যান।
মাসুম জানান, দুই দিন পর অচেতন অবস্থায় সাগরের একটি তীরে ভেসে ওঠেন তিনি। জ্ঞান ফেরার পর চারদিকে কাউকে দেখতে পাননি। পরে প্রায় তিন ঘণ্টা হেঁটে একটি বাড়িতে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় শেষ পর্যন্ত গ্রিসে পৌঁছাতে সক্ষম হন তিনি। তবে তার সঙ্গে থাকা অন্যদের কোনো সন্ধান পাননি।
মাসুমের বর্ণনা জানার পর থেকেই নিখোঁজ ছয় যুবকের পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা। তারা বেঁচে আছেন, নাকি সাগরে তলিয়ে গেছেন—এমন আশঙ্কায় প্রতিটি মুহূর্ত কাটছে স্বজনদের। গত ১৫ দিন ধরে প্রিয়জনদের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে অভিযুক্ত হাফিজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”
ঘটনার বিষয়ে বাঘাসুরা ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম আহমেদ জানান, প্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমেই যুবকেরা গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিলেন। একজনের সন্ধান পাওয়া গেলেও বাকি ছয়জন নিখোঁজ থাকার বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। তাদের পরিবারগুলো চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজ ছয় যুবকের ভাগ্যে কী ঘটেছে, সেই প্রশ্নের উত্তর জানতে এখনো অপেক্ষায় রয়েছেন তাদের স্বজনেরা।
আলোকিত সময়/রেবারা




















