
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে বরিশালে বাংলা কিউআর (Bangla QR) বিতরণ ও ক্যাশলেস ক্যাম্পেইন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।৪ঠা অক্টোবর রবিবার দিনব্যাপী ‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়।
কর্মসূচিতে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ডিএমডি মো. জাফর সাদেক, ইভিপি মো. মাজহারুল হক, এসএভিপি মো. মমিনুল ইসলাম এবং বরিশাল শাখার ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ সহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন সম্পর্কে বরিশাল শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, বরিশালে আধুনিক ও ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি মাত্র বাংলা কিউআর কোড স্ক্যান করে গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহজেই পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন।
তিনি আরও বলেন, বাংলা কিউআর ব্যবহারের ফলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্য লেনদেন আরও দ্রুত ও সুবিধাজনক হবে। একই সঙ্গে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে। শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়াতে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
























