
এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে চোরাচালানের মাধ্যমে আনা ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে গেছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে অভিযান চালিয়ে এসব জিরা ও ট্রাক জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের শার্শা উপজেলার মুজাহিদ (২৪), চৌগাছা উপজেলার যোবায়ের (১৮) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় শুভ্র দাশ (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি হলুদ রঙের ট্রাকের গতিরোধ করা হয়। ট্রাক থেকে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ। তবে একজন পালিয়ে যেতে সক্ষম হন।
পরে ট্রাকটি তল্লাশি করে ১০৩টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ঝিনাইদহ-ট-১১-১৫১১ নম্বরের ট্রাকটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা জিরার বৈধ আমদানি বা ক্রয়সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে জিরা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।
আলোকিত সময়/রেবারা























