ঢাকা ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫
দুবাই প্রতিনিধি: মোঃ আবদুল্লাহ আল মামুন
সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় মারা গেছেন আব্দুল হামিদ (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশি।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আব্দুল হামিদ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং পরে আবুধাবির আল-সদর কারাগারে রাখা হয়।
তার স্ত্রী কোহিনুর আক্তার গণমাধ্যমকে জানান, কারাগারে থাকা অবস্থায় আব্দুল হামিদ পরিবারের সঙ্গে মাত্র দুইবার যোগাযোগ করতে পেরেছিলেন। এরপর গত ২২ সেপ্টেম্বর তার মৃত্যুর খবর জানতে পারেন তারা। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
কোহিনুর আক্তার আরও জানান, কারাগারে থাকা অন্য বন্দিরা ফোনে প্রথমে আব্দুল হামিদের অসুস্থতার খবর দেন এবং পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ইতোমধ্যে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস থেকে পরিবারের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে আব্দুল হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানিয়েছে, তারা মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং মরদেহ দেশে পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।
আব্দুল হামিদের পরিবার দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনা ও রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় দাফনের দাবি জানিয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST