
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৫৫ বিজিবির পৃথক অভিযানে ৪৮ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়েছে। এ সময় উজ্জল বাড়াই (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা।
শনিবার (২৪ অক্টোবর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে আমু চা-বাগানের ১২ নম্বর সেকশনে অভিযান চালিয়ে উজ্জল বাড়াইকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৯ কেজি গাঁজা ও এক বোতল বিয়ার উদ্ধার করা হয়। এ ছাড়া একই দিন সুন্দরটিলা ও গাঢ়োটিলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৯ কেজি গাঁজা জব্দ করে বিজিবি।
আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।



















