
হারুন অর রশিদ, নীলফামারী প্রতিনিধিঃ ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা জামায়াতের স্থায়ী কার্যালয় আল ফালাহ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা জামায়াতের শূরা সদস্য ও নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, নায়েবে আমির কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম, পৌর আমির মোজাম্মেল হক, পৌর সেক্রেটারি আব্দুর রাজ্জাক রিংকু, নীলফামারী জেলা ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অপিয়ার রহমানসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তাঁরা অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, তাঁদেরও বিচারের মুখোমুখি করার দাবি জানান বক্তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।




















