
মোঃ ইলিয়াস সানি, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউটস, তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে তজুমদ্দিন মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে কাব হলিডে-২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব হলিডের উদ্বোধন করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ বনি আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী শিক্ষা অফিসার (প্রাথমিক) নিজাম উদ্দিন খাঁন, বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, তজুমদ্দিন উপজেলা কাব সম্পাদক আবুল কালাম নিরব, কাব কমিশনার অরুন্তুদ কান্তি শীল, কাব লিডার মোঃ মহিউদ্দিন, কোর্স লিডার সালমা খাতুন ও যুগ্ম সম্পাদক মোঃ জোসেব মিয়া। এ সময় উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব ইউনিট সভাপতি ও ইউনিট লিডাররা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে কাব সদস্যরা বিভিন্ন খেলাধুলা, গান ও নৃত্য পরিবেশনসহ নানা আনন্দঘন কার্যক্রমে অংশ নেয়। পরে তাবু জলসা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কাব হলিডে-২০২৬-এর সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয়জন করে মোট ১৮০ জন কাব সদস্য এবং ৩০ জন ইউনিট লিডার এ আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, কাব হলিডে শিশুদের জন্য আনন্দময় ও শিক্ষামূলক একটি আয়োজন। এর মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের কাব সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে ওঠে। পাশাপাশি খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ছবি ক্যাপশন: তজুমদ্দিনে কাব হলিডে-২০২৬-এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন।
আলোকিত সময়/রেবারা



















