
কুমিল্লা প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধের লাগাম টেনে ধরতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। গত সেপ্টেম্বর মাসে পরিচালিত এই ধারাবাহিক অভিযানে প্রায় একশ কেজি গাঁজা ও সাড়ে আট হাজার ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক এবং চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
একই সঙ্গে আদালতের ৭৯টি গ্রেফতারি পরোয়ানা তামিল এবং মাদক সেবনের অভিযোগে ১১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসজুড়ে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৯.৫ কেজি গাঁজা, ১,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল নেশাজাতীয় কাফ সিরাপ, ৩১ বোতল বিয়ার, ১৪১ বোতল হুইস্কি, ২,৩৯০টি ভারতীয় বাজি এবং ৪৯০ লিটার তেল জব্দ করা হয়।
শুধু মাদক উদ্ধারেই সীমাবদ্ধ থাকেনি পুলিশি কার্যক্রম। সেপ্টেম্বর মাসে বিভিন্ন মামলায় আদালতের ৭৯টি গ্রেফতারি পরোয়ানা সফলভাবে তামিল করা হয়। পাশাপাশি অপরাধ দমনে পরিচালিত সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের অপরাধে ১১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান, পরোয়ানা তামিল ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে এই ধরনের কার্যক্রম আগামীতেও আরও জোরদার করা হবে।























