
(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে আব্দুস শুক্কুর (৫৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ২০ শতক জমি জবরদখল ও তা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ভাতিজাসহ দুইজনকে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার সরল ইউনিয়নের খালাইচ্ছ্যার দোকান এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় তাঁরা জমি উদ্ধার, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুস শুক্কুরের ভাতিজা ও হামলার শিকার এনামুল হক (২৬) বলেন, তাঁর চাচা শারীরিক প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে তিনি মানবেতর জীবনযাপন করছেন। প্রায় ১৮ বছর আগে ক্রয় করা তাঁর চাচার জমি স্থানীয় আব্দুর রহিম, হারুনুর রশিদ, মাহমুদুল্লাহ, মোস্তফা আলী ও আরিফের নেতৃত্বে ১০-১২ জন জোরপূর্বক দখল করে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এনামুল হক আরও অভিযোগ করেন, জমি জবরদখলের বিষয়ে থানায় অভিযোগ দেওয়ায় গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে ও মো. সেলিমকে মারধর করা হয় এবং তাঁদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্ত আব্দুর রহিম ও তাঁর সহযোগীরা আগে এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। ৫ আগস্টের পর তাঁরা বিএনপির সঙ্গে আঁতাত করে আগের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন ভুক্তভোগীরা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির জমি জবরদখল এবং ন্যায়বিচার চাইতে গিয়ে তাঁর স্বজনদের হামলার শিকার হওয়ার ঘটনা উদ্বেগজনক। তাঁরা প্রশাসনের কাছে অভিযোগগুলো তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা, হামলাকারীদের গ্রেপ্তার এবং আব্দুস শুক্কুরের জমি উদ্ধার করে দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
























